প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৪:৩১ পি.এম
তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির চেয়ারপারসন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২–দলীয় জোটের শীর্ষ নেতারা। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারেক রহমান ১২–দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ১২–দলীয় জোটের পক্ষে বৈঠকে অংশ নেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা।
বৈঠকে উপস্থিত নেতারা পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সৌহার্দ্য ও যোগাযোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে রাজনৈতিক বোঝাপড়া ও সমন্বয় জোরদার করতে সহায়ক ভূমিকা রাখবে। বৈঠকটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত