মুন্সীগঞ্জে চাঞ্চল্যকর অটোরিকশা চুরির ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। নিখোঁজের নাটক সাজিয়ে নিজেই অটোরিকশা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং চোরাই অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও বাজার এলাকা থেকে মো. মিজানুর রহমান (২৩) নামে এক চালক একটি অটোরিকশা নিয়ে নিখোঁজ হন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে ১০ এপ্রিল তার মা মরিয়ম বেগম মুন্সীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তবে তদন্তে নেমে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পায়। জানা যায়, মিজানুর রহমান ধলাগাঁও বাজারের স্বাধীন হাওলাদারের গ্যারেজ থেকে ভাড়ায় নেওয়া লাল রঙের পাঁচ ব্যাটারির অটোরিকশাটি আত্মসাৎ করে পরিকল্পিতভাবে বিক্রি করে দেন। অটোরিকশাটির আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সজিব শেখ (২১) ও মো. নজরুল ইসলাম (২৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর শান্তিনগর এলাকা থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, অটোরিকশাটি মো. শেখবর (৭০) নামে এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মুন্সীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, পুরো ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে এ ধরনের অপরাধ রোধে নজরদারি বাড়ানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, অটোরিকশা চুরি করে নিখোঁজের নাটক সাজানোর এই প্রবণতা নতুন ধরনের প্রতারণা হিসেবে সামনে আসছে, যা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ জরুরি।