রাজধানীতে জলাবদ্ধতা নিরসন এবং মশার প্রজননস্থল ধ্বংসে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মো. আবদুস সালাম। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের সহযোগিতায় যে কোনো মূল্যে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে।
শনিবার (১৪ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর উদ্যোগে রাজধানীর ধলপুর এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, “জলাবদ্ধতা ও মশার সমস্যা নগরবাসীর বড় ভোগান্তির কারণ। খাল দখল ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে এই সমস্যা বাড়ছে। তাই অবৈধ দখলদারদের সরিয়ে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে উজ্জীবিত হয়ে ডিএসসিসি প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। নগরীর পরিবেশ উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় ডিএসসিসির মাসব্যাপী ‘ক্রাশ প্রোগ্রাম’ ইতোমধ্যে শুরু হয়েছে।
মো. আবদুস সালাম জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সড়কবাতির উন্নয়ন এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতেও কাজ করছে সিটি করপোরেশন। নগরবাসীর জীবনমান উন্নয়নে এসব উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।
অভিযান শেষে প্রশাসক ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ ও ম্যাকানাইজড পার্কিং স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ক্রয় করা নতুন যানবাহন বিভিন্ন বিভাগে হস্তান্তর করেন।
জানা গেছে, ধলপুর এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। এ সময় ড্রেন ও ফুটপাতের বর্জ্য অপসারণ করা হয় এবং মশা নিধনে ওষুধ ছিটানো হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে একটি সচেতনতামূলক র্যালিও অনুষ্ঠিত হয়।
নগরীর পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলে জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।