প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৬, ১১:৫৫ এ.এম
দেশে আরও ৮ শিশুর মৃত্যু, বাড়ছে হামের সংক্রমণ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে সাত শিশু এবং নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৬৯ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৬৩ শিশু।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৫০ শিশু। এছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৫৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা গেলে হামের সংক্রমণ ও মৃত্যুহার কমানো সম্ভব। পাশাপাশি অভিভাবকদের শিশুদের জ্বর, র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত