দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে দেশের ২৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলা এবং রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। এর ফলে ভোরের দিকে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তা সত্ত্বেও কুয়াশা ও শীতল বাতাসের কারণে শীতের অনুভূতি কমবে না।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত শৈত্যপ্রবাহ থেকে স্বস্তির কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা আরও কয়েক দিন জনজীবনে ভোগান্তি সৃষ্টি করতে পারে। তাই শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।