বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ও ভবিষ্যৎ তথ্য অবকাঠামো আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানভিত্তিক তথ্য-নিরাপত্তা প্রতিষ্ঠান সাইফার কোর লিমিটেডের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় ডিজিটাল ব্যবস্থাকে নিরাপদ ও টেকসই করার নানা দিক নিয়ে গভীর আলোচনা হয়।
বৈঠকে নেতৃত্ব দেন জাপানের পুরস্কারপ্রাপ্ত তথ্য-নিরাপত্তা বিজ্ঞানী ও এমআইটি-ভিত্তিক গবেষক প্রফেসর তাকাতোশি নাকামুরা। আলোচনায় বাংলাদেশের জাতীয় তথ্য-নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ, সরকারি ডিজিটাল সিস্টেমের সুরক্ষা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় কোয়ান্টাম-প্রতিরোধী প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।
বৈঠকে আরও আলোচনা হয় কমিউনিটি পর্যায়ে ডিজিটাল ক্যাশ ব্যবস্থার সম্ভাবনা, তথ্যপ্রযুক্তি খাতে মানবসম্পদ উন্নয়ন, বাংলাদেশ–জাপানের মধ্যে দক্ষ জনশক্তি বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা এবং চামড়া শিল্পে প্রযুক্তিনির্ভর নতুন সম্ভাবনা নিয়ে।
উভয়পক্ষ একটি নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করেন। তারা মনে করেন, আধুনিক তথ্য-নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর আরও গতিশীল করা সম্ভব।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী, জাপানের সাবেক অর্থ প্রতিমন্ত্রী মোতোইউকি ওদাচি, সাইফার কোর লিমিটেডের চেয়ারম্যান আপেল মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহী ইসলাম।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠক বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।