মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ সদর উপজেলা-এর চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামে শিক্ষা বিস্তার ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ইনুমেন্ট সলিউশনস এবং স্বেচ্ছাসেবী সংগঠন সেবক সংঘ। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মেধাবীদের এগিয়ে নিতে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষা উপকরণ, বৃত্তির অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আয়োজিত এই কর্মসূচিতে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় এবং দুটি মাদ্রাসার মোট ৭১ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। পাশাপাশি দক্ষিণ চরমশুরা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মাসিক শিক্ষা বৃত্তির আওতায় আনা হয়েছে, যাতে তারা নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে।
শুধু শিক্ষার্থী নয়, গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকেও সহায়তার আওতায় আনা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ৬০টি দরিদ্র পরিবারের প্রতিটিকে এক বস্তা চালের সমপরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হয়। আয়োজকদের মতে, এই সহায়তা পরিবারগুলোর দৈনন্দিন চাহিদা পূরণে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সেবামূলক কার্যক্রম সম্পর্কে মো. মঞ্জুরুল আলম মামুন বলেন, “অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থী শিক্ষা থেকে বিচ্ছিন্ন না হয়, সেটিই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, শিক্ষাই একটি সমাজকে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. লুৎফর রহমান, সদস্য মো. মোক্তার হোসেন, মো. আজহার হোসেন, মো. আফজাল হোসেন বাবু, মাহবুব আলম মিঠু এবং মো. নুরুজ্জামান লিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এই উদ্যোগের আওতায় দক্ষিণ চরমশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরমশুরা উচ্চ বিদ্যালয়, চর ঝাপটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বষার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরমশুরা আদর্শ মাদ্রাসা এবং দক্ষিণ চরমশুরা আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হয়েছে।
এই মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা করছেন এলাকাবাসী।