মুন্সীগঞ্জ পৌরসভার প্রস্তাবিত কর বৃদ্ধির সিদ্ধান্তকে ‘জনবিরোধী’ আখ্যা দিয়ে তা স্থগিত ও পুনঃনির্ধারণের দাবিতে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘নাগরিক বন্ধু-মুন্সীগঞ্জ’।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সংগঠনটির সদস্যসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পৌর কর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে নিজেদের প্রতিবাদ তুলে ধরেন।
নাগরিক বন্ধু-মুন্সীগঞ্জের আহ্বায়ক মু. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন বেপারী, সাবেক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক আশরাফুল ইসলাম মিশু, অ্যাডভোকেট রাইছুল ইসলাম এবং জুলাই যোদ্ধা রায়হান রাব্বি।
বক্তারা অভিযোগ করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে পৌর কর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়বেন।
তারা আরও বলেন, নাগরিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনোভাবেই কর বৃদ্ধি মেনে নেয়া হবে না। এছাড়া মুন্সীগঞ্জ পৌরসভার সিনিয়র নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি নিরপেক্ষ কমিটি গঠন করে কর পুনঃনির্ধারণের দাবি জানান বক্তারা।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি পৌরকর বর্জনের কর্মসূচিও ঘোষণা করা হবে।