মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জনের মধ্যেই তাকে নিশানা করে এমন হুমকি দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আইআরজিসি তাদের নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধাওয়া করা হবে এবং সুযোগ পেলে তাকে হত্যা করার চেষ্টা অব্যাহত থাকবে। এতে আরও বলা হয়, যদি এই ‘শিশুহত্যাকারী অপরাধী’ বেঁচে থাকে, তবে তাকে তাড়া করে হত্যা করা হবে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রেক্ষাপটে এমন হুমকি নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার পর থেকেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, হামলার ঘটনায় এখন পর্যন্ত ইরানে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে এক হাজারেরও বেশি।
প্রথম ধাপের হামলাতেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তেহরানের কয়েক ডজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতা। তার মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন এসেছে। একই সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
আন্তর্জাতিক কূটনৈতিক মহল বলছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিশ্ব রাজনীতি ও অর্থনীতির ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটগুলোতে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।