ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন নামে এক লাটাহাম্বা (স্যালো ইঞ্জিনচালিত গাড়ি) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকারী। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি মোসলেম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্স নামের একটি ইটভাটার লাটাহাম্বা গাড়ি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যায়। ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর উঠলে হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়।
ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই লাটাহাম্বা চালক আলাউদ্দিন নিহত হন। একই সময় গাড়ির হেল্পার গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়দের মতে, ওই রেলগেট এলাকায় অনেক সময় পর্যাপ্ত সতর্কতা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।