ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ ঘণ্টা উদ্ধার কাজ চালানোর পর পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। লাইনচ্যুত হওয়ার পর গুরুত্বপূর্ণ এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
সাফদারপুর স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা বন্দর এলাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন স্টেশনের নিকটবর্তী এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ। সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগিটি সরিয়ে রেললাইন সচল করা হয়।
স্টেশন মাস্টার আরও জানান, সকাল ৮টার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।