ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (ভোর রাত) আনুমানিক রাত ১টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে কুমার নদে পড়ে যায়।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে ট্রাক হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ (২৭)।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার দিকে যাচ্ছিল। বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ভোরে নদী থেকে হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৮টার দিকে ট্রাক চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
স্থানীয়রা জানান, বড়দাহ পুরাতন ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। দ্রুত সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।