"ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যৎ গড়তে পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য সেবার গুরুত্ব"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা, সচেতনতামূলক বক্তব্য এবং শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কাহারোল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত রায়। তিনি পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী এবং রামচন্দ্রপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ বাবু। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
বক্তারা বলেন, একটি ন্যায়সঙ্গত, সুস্থ ও টেকসই সমাজ গড়ে তুলতে পরিকল্পিত পরিবার, মানসম্মত জনস্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব এবং শিশুস্বাস্থ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা উল্লেখ করেন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের নিরলস প্রচেষ্টা জনসংখ্যা ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও পরিবার পরিকল্পনা কার্যক্রমের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে উপজেলার শ্রেষ্ঠ কর্মী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবার পরিকল্পনা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদেরও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত কর্মসূচি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য সেবা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং জনসংখ্যা ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।