
শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘ দুই বছরের টানাপোড়েনের পর ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের হোটেলগুলোতে আবারও বাংলাদেশি নাগরিকরা কক্ষ বুকিং করতে পারবেন।
গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (জিএসএইচডব্লিউএ) সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। সংগঠনটি জানায়, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জুড়ে তাদের সদস্যভুক্ত হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের অবস্থান সংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। এর প্রেক্ষাপটে ২০২৪ সালের ৯ ডিসেম্বর শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের হোটেলে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বরে তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়।
জিএসএইচডব্লিউএ তাদের বিবৃতিতে জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পুনর্মূল্যায়ন করে সদস্যদের মধ্যে ভোটাভুটির আয়োজন করা হয়। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশি পর্যটকদের জন্য পুনরায় হোটেল বুকিং চালুর পক্ষে মত দেন।
সংস্থাটি আরও জানায়, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠনের পর পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হয়েছে। ওই দিন তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনের অবসান ঘটে। এই প্রেক্ষাপটেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটি উল্লেখ করেছে।
তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানিয়েছে, ভারতের নিরাপত্তা ও মর্যাদা সবার আগে। ভবিষ্যতে কোনো অসম্মানজনক বা উসকানিমূলক ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে না।
শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরে পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগ নতুন করে গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।