
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে আয়োজিত এই জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আড়িয়ল ইউনিয়ন বিএনপির আয়োজনে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শুরুর আগেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণের রায়ের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।
আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলী নান্টু মাদবরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মোঃ ইলিয়াস বেপারী।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি মোঃ আব্দুল হাই, সহ-সভাপতি আক্তার লাকুরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানজির আলম শেখ অনিক, সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারী, বানিজ্য বিষয়ক সম্পাদক সজল বেপারী, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আঃ আজিজ দেওয়ান, আড়িয়ল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সাত্তার দেওয়ান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাব্বির খান, আড়িয়ল ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ পিয়ার হোসেন পিন্টু, বিএনপি নেতা হোসেন বেপারী ও শাহ মোয়াজ্জেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। এই লক্ষ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, প্রশিক্ষিত ও সংগঠিত কর্মীবাহিনী নিয়ে ভোটকেন্দ্রে জনগণের ভোট সুরক্ষিত করতে বিএনপি প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।