
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের ব্যাপক উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পক্ষ থেকে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সমাবর্তন বক্তৃতায় তিনি বলেন, নৈতিকতা, মূল্যবোধ ও মানবকল্যাণে শিক্ষার ভূমিকা অপরিসীম। আধুনিক জ্ঞান ও ইসলামী ঐতিহ্যের সমন্বয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে দক্ষ, নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খাঁন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর আনোয়ার হোসেন ও প্রফেসর মাহমুদুল হাসান চৌধুরী, জাতীয় অধ্যাপক একে আজাদ খাঁন, হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মুঞ্জরুল আলম, প্রফেসর কামরুন নাহার হারুন এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল আলমসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও অতিথিবৃন্দ।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। ডিগ্রি গ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নতুন কর্মজীবন ও উচ্চতর শিক্ষার পথে যাত্রা শুরু হয়। এই আনন্দঘন মুহূর্তে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তনের মধ্য দিয়ে উচ্চশিক্ষার অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। ভবিষ্যতে গবেষণা, উদ্ভাবন ও মানসম্মত শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।