
মুন্সিগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। প্রায় দুই শতাধিক প্রধান শিক্ষক এ মতবিনিময় সভায় অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা নুরমহল আশরাফী, জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ। বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের পারফরম্যান্স অনুযায়ী পোস্টিং দেওয়া হবে। শিক্ষার্থীদের শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বর্তমানে প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী ‘রেড ক্যাটাগরি’-তে রয়েছে এবং বাংলা, ইংরেজি ও গণিতে গড় ফলাফল ৫০ শতাংশের আশপাশে—যা সন্তোষজনক নয়।
জেলা প্রশাসক আরও বলেন, স্কুলে ফিডিং কার্যক্রম চালু থাকলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে। শিক্ষা কার্যক্রমে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহামুদুর রহমান খন্দকার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মুন্সিগঞ্জ পিটিআই-এর পক্ষ থেকে প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
মুন্সিগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত এই মতবিনিময় সভায় শিক্ষকরা বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত দেন। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসন ও শিক্ষকদের সমন্বিত উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।