1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন: সচেতনতা বাড়াতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
“মান সম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যে পিরোজপুরে ৯ম জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হেলমেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।

“মান সম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো পিরোজপুরেও পালিত হয়েছে ৯ম জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পিরোজপুর সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরিফ হোসেন, পিরোজপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, “দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে, যা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার বিকল্প নেই।” তাঁরা আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার, সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগ এবং আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর এখনই গুরুত্ব দিতে হবে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও মানসম্মত হেলমেট বিতরণ করা হয়। এছাড়া পরবর্তী এক মাসব্যাপী জেলার ৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানানো হয়।

সভায় বক্তারা জোর দিয়ে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, চালকদের নিরাপদ গতি বজায় রাখা এবং মোবাইল ফোন ব্যবহার না করা—এসব অভ্যাস গড়ে তুললেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট