1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
দিনাজপুরের কাহারোলে বিএনপির ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় উন্নয়ন, কর্মসংস্থান ও কৃষকবান্ধব নানা প্রতিশ্রুতি দেন প্রার্থী মনজুরুল ইসলাম।

দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাহারোল বাজার ধানহাটি মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই জনসভায় জনস্রোত লক্ষ্য করা যায়।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে কাহারোল ও বীরগঞ্জ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তা পাকাকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

এছাড়া কৃষকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু, এবং মসজিদ-মন্দির-গির্জার ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও ফাদারদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। সাধারণ মানুষের ওপর জুলুম, হয়রানি, অবিচার ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।

জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা শামীমা পারভীন, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ অলিউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। উপস্থিত জনতার উচ্ছ্বাস ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট