
দিনাজপুরের কাহারোল উপজেলায় জরুরি ভিত্তিতে শুরু হয়েছে ‘হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন-২০২৬’। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মো. আল আমিনসহ টিকাদান কার্যক্রমে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা জুড়ে নির্ধারিত ১৪৫টি কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
উপজেলা টেকনিশিয়ান চন্দন রায় জানান, কাহারোল উপজেলায় মোট ১৭ হাজার ৪৪২ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এর মধ্যে বিভিন্ন কেন্দ্রে ১৫ হাজার ৭২৩ জন এবং বিদ্যালয়ে ১ হাজার ৭১৯ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। অভিভাবকদের নিজ নিজ সন্তানকে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে কাহারোল উপজেলায় হাম ও রুবেলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত হবে।