
দেশের বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে অলস বসিয়ে রাখলে চলবে না—এই শক্তিকেই দেশ গড়ার কাজে লাগাতে হবে।” সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে দল আপসহীন থাকবে। তিনি জানান, দীর্ঘ ৫০ বছর ধরে ভরাট হয়ে থাকা খালটি পুনঃখননের ফলে কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রায় ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং অতিরিক্ত ১৪শ’ টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে। একই সঙ্গে প্রায় ৭২ হাজার মানুষ এ প্রকল্পের সুফল ভোগ করবেন। খালের দুই পাড়ে তিন হাজার গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার ‘জিয়া খাল’ খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারীদের ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রান্নার কষ্ট কমাতে দেওয়া হবে ‘এলপিজি কার্ড’।
শিক্ষা খাতে বড় ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের শিক্ষা ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে। মেধাবীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থাও থাকবে। তিনি আরও জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো হবে।
অর্থনীতি ও সমাজে ভারসাম্য আনতে ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতা চালুর কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কিছু মহল দেশকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।
সমাবেশের শেষে প্রধানমন্ত্রী নতুন স্লোগান দেন—“গড়বো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”। তিনি বলেন, সিঙ্গাপুর যদি অল্প সময়ে উন্নত দেশে পরিণত হতে পারে, তবে বাংলাদেশও পারবে।