1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

জিয়ানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভুয়া চিকিৎসক ও সহকারী গ্রেফতার

মো: নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
জিয়ানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক গ্রেফতারের দৃশ্য

পিরোজপুরের জিয়ানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা ও প্রতারণার সঙ্গে জড়িত এক ভুয়া চিকিৎসক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড এবং তার সহকারীকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ মোড় সংলগ্ন সেউতিবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গ্রেফতার হন এম. এ. আকবর (৩৭) ও তার সহকারী রতন কুমার শীল (৪০)। প্রশাসন জানায়, তারা দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা সেবা দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিলেন। একটি চারতলা ভবনের কক্ষ ভাড়া নিয়ে তারা ‘ঢাকা হোমিও ক্লিনিক’ নামে অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম চালাতেন।

অভিযানে জানা যায়, ভুয়া চিকিৎসক এম. এ. আকবর ‘কোয়ান্টাম রেজোন্যান্স ম্যাগনেটিক এনালাইজার’ নামক একটি ডিভাইস ব্যবহার করে রোগীদের ভুয়া রিপোর্ট তৈরি করতেন। এরপর ক্যান্সার, হৃদরোগ, বন্ধ্যাত্ব, টিউমারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। অন্যদিকে, তার সহকারী রতন কুমার শীল গ্রিন কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে অনুমোদনহীন হোমিও ওষুধ ব্যবহার, জালিয়াতি এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পারভিন, থানা পুলিশ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা এমন প্রতারকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট