
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ১৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, মাওলানা শফিকুল ইসলাম এবং মাওলানা আঃ রবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, “মেধাবীরাই আগামীর দেশ পরিচালনা করবে। তাই শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না, নৈতিকতা ও আদর্শিক শিক্ষায়ও নিজেদের সমৃদ্ধ করতে হবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। এ সময় তিনি অভিভাবকদের প্রতি সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।