
হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম-এ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি পার হতে না পারার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে কূটনৈতিকভাবে কাজ চলছে এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। চাহিদা অনুযায়ী পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। এর প্রমাণ হিসেবে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার লিটার ডিজেল মজুত করে রাখার ঘটনা ধরা পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানান মন্ত্রী।
নৌপরিবহনমন্ত্রী বলেন, “জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, কোনো সংকট নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এদিকে চট্টগ্রাম বন্দর-এর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। বন্দরের লাভজনকতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামগ্রিক সুবিধা বিবেচনায় রেখে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের এ সংকট দ্রুত সমাধান না হলে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে। তাই কূটনৈতিক তৎপরতার ফলাফল এখন সবার নজরে।