
রাষ্ট্রায়ত্ত জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রুমি এ হোসেন। তিনি বর্তমানে ব্যাংক এশিয়া পিএলসি-এর বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিমানের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখ বশিরউদ্দীন। তার পদত্যাগের পর দীর্ঘদিন চেয়ারম্যান পদটি শূন্য ছিল। অবশেষে অভিজ্ঞ কর্পোরেট ব্যক্তিত্ব রুমি এ হোসেনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হলো।
নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থাটির কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা, সেবার মান উন্নয়ন এবং আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে বিমানের পরিচালনা পর্ষদে বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পরিচালক হিসেবে রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিমসহ আরও অনেকে।
এছাড়া পদাধিকারবলে পরিচালনা পর্ষদে রয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান উন্নয়ন এবং ব্যবসায়িক সক্ষমতা আরও শক্তিশালী হবে।