1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় আবারও পরিবর্তন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
রাত ৭টা পর্যন্ত খোলা থাকা শপিংমল ও দোকানপাটের দৃশ্য

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দোকানপাট ও শপিংমল খোলার সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার। দোকানপাট খোলার সময়সীমা পরিবর্তন করে পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আসন্ন ঈদুল আজহাপহেলা বৈশাখকে সামনে রেখে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। নতুন এই সময়সূচি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এর আগে শনিবার জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে ব্যবসায়ী নেতাদের জোরালো দাবির মুখে বিষয়টি পুনর্বিবেচনা করে সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করে।

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো পেট্রোল ও অকটেনও সংরক্ষিত আছে। তিনি আরও জানান, নতুন উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। সেচ মৌসুমে কৃষকদের যেন কোনো সমস্যা না হয়, সে জন্য জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে দেশের প্রায় ৭০ লাখ দোকান মালিক ও আড়াই কোটি কর্মচারীর জীবিকা এবং উৎসবকালীন কেনাকাটার বিষয় বিবেচনায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও সরকারি অফিসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট