1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১ জেলে

মো: নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
মঠবাড়িয়ায় বজ্রপাতে নিহতদের এলাকা ও উদ্ধার তৎপরতা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ ও এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে, যা স্থানীয়দের মধ্যে গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হারজি নলবুনিয়া গ্রামের কৃষক মো. আব্দুস সালামের স্ত্রী আয়েশা বেগম (৫০) ঝড়ের সময় মাঠ থেকে হাঁস আনতে বের হন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামের কৃষক মশিউর রহমানের ছেলে স্বাধীন তালুকদার (২০) মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে মাঠ থেকে তার ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেন।

এদিকে একই দিনে দুপুর ১২টার দিকে বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ট্রলার থেকে নদীতে পড়ে যান হাসান (২৫) নামের এক জেলে। তিনি উপজেলার জানখালী গ্রামের বাসিন্দা। শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। স্থানীয়রা নদীতে তল্লাশি চালাচ্ছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয়দের সহায়তায় অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা স্থানে কাজ করা নিয়ে সচেতনতার অভাবকে দায়ী করছেন অনেকে। তারা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে আরও প্রচারণা বাড়ানোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট