
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী-তে নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে দুইটি ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ জব্দ করার দাবি করেছে ইরান। বুধবার (২২ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে Press TV।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জব্দ করা জাহাজ দুটি হলো ‘এমএসসি ফ্রান্সিসকা’ এবং ‘ইপামিনোদেস’। সংস্থাটির দাবি, জাহাজ দুটি ইসরায়েলি পরিবহন সংশ্লিষ্ট এবং তারা অনুমোদন ছাড়াই চলাচল করছিল। পাশাপাশি বারবার আন্তর্জাতিক নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জাহাজ দুটি নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপি করে গোপনে প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এই ধরনের কার্যকলাপ সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে আটক করা হয় এবং পরে ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেগুলোর পণ্য, নথিপত্র ও অন্যান্য কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের ঘোষিত নিয়ম লঙ্ঘনের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে যে কোনো অস্থিরতা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।