1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, রাজাপুরের যুব উন্নয়ন কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
পিরোজপুরের কাউখালীতে সাংবাদিক রবিউল হাসান মনিরকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে রাজাপুরের যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ারকে কেন্দ্র করে এ ঘটনা।

পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ রবিউল হাসান মনির-কে হত্যার হুমকির অভিযোগ উঠেছে রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ ও ভিডিও শেয়ার করাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে কাউখালী উপজেলার রূপালী ব্যাংক সড়কে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাজাপুর উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মরত আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে অফিস কক্ষে মারধরের একটি অভিযোগ ওঠে কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেন এবং ভুক্তভোগীদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ওই ভিডিও ও সংবাদ লিংক নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করেন সাংবাদিক রবিউল হাসান মনির। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কর্মকর্তা প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেন এবং ‘কীভাবে সাংবাদিকতা করেন তা দেখিয়ে দেবেন’ বলে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, এর আগেও বিভিন্ন সময় ফোনে এবং চলার পথে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী সাংবাদিক।

সাংবাদিক মনির বলেন, “অভিযুক্ত ব্যক্তি উগ্র স্বভাবের। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশের কারণেই আমাকে টার্গেট করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করার কারণেই আমাকে মব সৃষ্টি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত কামরুল ইসলাম তালুকদার বলেন, “রাজাপুর অফিসের একটি ঘটনার ভিডিও ও সংবাদ মনির ফেসবুকে শেয়ার করেছে। তাকে বিষয়টি সরিয়ে নিতে বলেছিলাম, কিন্তু সে তা করেনি। এ নিয়ে কিছুটা কথা কাটাকাটি হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট