
ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত কৃষকদল নেতা তরু মুন্সী হত্যা মামলার দ্রুত বিচার এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। রোববার (১৫ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজন আসামিকে গ্রেফতার করা হলেও এখনও অনেক অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়নি। তারা দাবি করেন, কিছু পক্ষ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।
বিএনপি নেতারা বলেন, এই হত্যার ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়া নিহত তরু মুন্সীর স্বজনরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে একটি ইফতার আয়োজন করা হয়। দুপুরের দিকে ওই আয়োজনকে কেন্দ্র করে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে ওই নারী কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। পরে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে কৃষকদল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
নিহত তরু মুন্সী ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতারা বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।