1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

খুলনা-৪ আসনে চার প্রার্থীর লড়াই: ধানের শীষ বনাম দেয়ালঘড়ির মূল প্রতিদ্বন্দ্বিতা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
খুলনা-৪ সংসদীয় আসনে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা। ধানের শীষ বনাম দেয়ালঘড়ির মূল লড়াই ঘিরে জমে উঠেছে নির্বাচনী মাঠ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ (রূপসা–তেরখাদা–দিঘলিয়া) সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রতীক বরাদ্দের পর চার প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ায় পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ, উত্তেজনা ও প্রত্যাশা—কে হবেন আগামীর সংসদ সদস্য?

খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এরপর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে চার প্রার্থী নিজ নিজ এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় সভা ও পথসভা শুরু করেন।

২৪ শের আন্দোলনের চেতনা বাস্তবায়ন ও দীর্ঘদিন ভোট দিতে না পারা তরুণ ভোটারদের অংশগ্রহণ এবারের নির্বাচনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। নতুন ভোটাররা এবার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের প্রত্যাশা করছেন। বিষয়টি মাথায় রেখে প্রার্থীরাও তরুণ প্রজন্মের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে প্রচারণা চালাচ্ছেন।

খুলনা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী।
বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের এস এম শাখাওয়াত হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন দেয়ালঘড়ি প্রতীক নিয়ে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইউনুস আহমেদ শেখ লড়ছেন হাতপাখা প্রতীক নিয়ে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এস এম আজমল হোসেন, যার প্রতীক ফুটবল।

রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার জানান, খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনেই এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। প্রার্থীদের মধ্যে সৌহার্দ্য বজায় রয়েছে এবং আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

খুলনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৯৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯৬৮ জন, নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ২০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনের ১৪৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির আজিজুল বারী হেলাল ও ১০ দলীয় জোটের প্রার্থী এস এম শাখাওয়াত হোসেনের মধ্যে।

বিএনপি সমর্থক আলা আমিন মোল্লা বলেন, এই আসনে বিএনপি শক্তিশালী প্রার্থী দিয়েছে, তাই জয় নিয়ে আমরা আশাবাদী।

অন্যদিকে জামায়াত সমর্থক ওলিয়ার শেখ জানান, দলীয় সিদ্ধান্তে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।

ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে নির্বাচনী মাঠ। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে—কে হচ্ছেন খুলনা-৪ আসনের আগামীর সংসদ সদস্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট