1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
দিনাজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মতিউর রহমান বলেছেন, নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে। কাহারোলে নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মতিউর রহমান গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, নির্বাচিত হলে মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হবে তার অন্যতম অগ্রাধিকার।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল উপজেলার ৪ নম্বর তাড়গাঁও ইউনিয়নের বোগদইর বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। ইউনিয়ন জামায়াতের আমীর মো. সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মতিউর রহমান বলেন, সুশাসন ও শান্তির মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব কাহারোল ও বীরগঞ্জ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। বেকারত্ব দূর করতে বেকার ভাতা নয়, বরং প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, কাহারোল ও বীরগঞ্জ উপজেলার প্রধান সড়কগুলো সম্প্রসারণ করা হবে। পাশাপাশি সব কাঁচা রাস্তা ধাপে ধাপে পাকাকরণ করা হবে। কাহারোল উপজেলাকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

স্বাস্থ্য ও প্রশাসনিক সেবার বিষয়ে তিনি বলেন, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন গড়ে তোলা হবে। উন্নত চিকিৎসা ব্যবস্থা, কৃষক ও শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করা হবে। তরুণদের ক্ষমতায়ন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হবে।

সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকসহ এনসিপি, যুব সমাজ ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

স্থানীয় ভোটারদের উদ্দেশে বক্তারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। উন্নয়ন ও সুশাসনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট