1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জ্বালানি তেলে

খুলনার দিঘলিয়া উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট চরম আকার ধারণ করেছে। ডিজেল ও পেট্রোলের অভাবে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক ও পরিবহন সংশ্লিষ্ট শ্রমজীবীরা। সংকটকে পুঁজি করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে তেল বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কোথাও সহজে ডিজেল বা পেট্রোল পাওয়া যাচ্ছে না। আর যেখানেই পাওয়া যাচ্ছে, সেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। ডিজেলের ক্ষেত্রেও নির্ধারিত মূল্যের চেয়ে ৫০ থেকে ৭০ টাকা বেশি নেওয়া হচ্ছে। ফলে সাধারণ ক্রেতাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে বাজার তদারকিতে প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে কৃষিখাতে। দিঘলিয়ার অধিকাংশ কৃষক ডিজেলচালিত সেচযন্ত্রের ওপর নির্ভরশীল। কিন্তু ডিজেল না পাওয়ায় সময়মতো জমিতে পানি দিতে পারছেন না তারা। এতে চলতি ইরি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক কৃষক দোকান থেকে দোকানে ঘুরেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন, আর কোথাও পেলেও তা কিনতে হচ্ছে চড়া দামে।

অন্যদিকে পরিবহন খাতেও দেখা দিয়েছে স্থবিরতা। উপজেলার হাজার হাজার মোটরসাইকেল, নসিমন, করিমন, ট্রলি ও ট্রলার জ্বালানির অভাবে প্রায় অচল হয়ে পড়েছে। এতে চালক ও শ্রমজীবী মানুষ তাদের আয়ের উৎস হারিয়ে ফেলছেন। অনেকেই অভিযোগ করেছেন, খুচরা বিক্রেতারা সংকটকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা করছে এবং চালকদের জিম্মি করে রেখেছে।

স্থানীয়রা জানান, দিঘলিয়া উপজেলায় কোনো পেট্রোল পাম্প না থাকায় সংকট আরও প্রকট হয়েছে। আগে খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ করে বিক্রি করলেও এখন সেই সরবরাহ কমে গেছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

এদিকে সরকারিভাবে জ্বালানি সংকট না থাকার দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। খুলনা শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না চালকরা। পাম্প মালিকদের দাবি, তারা ডিপো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল পাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, এই সংকটের পেছনে একটি অসাধু সিন্ডিকেট সক্রিয় থাকতে পারে, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার নিয়ন্ত্রণ করছে। তবে এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখনো চোখে পড়েনি।

ভুক্তভোগীরা দ্রুত এই সংকট নিরসন এবং বাজারে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। তাদের মতে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং খুচরা বাজারে তদারকি জোরদার করা হলে এই সংকট অনেকটাই কমে আসবে।

সব মিলিয়ে, দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট শুধু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনই নয়, কৃষি ও পরিবহন খাতেও মারাত্মক প্রভাব ফেলছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট