1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ, তদন্তের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসক হয়রানির প্রতিবাদে ড্যাবের বিক্ষোভ সমাবেশ

খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম বাবলুকে হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এতে জেলার বিভিন্ন স্তরের চিকিৎসকরা অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে ব্যানার ও ফেস্টুন নিয়ে ড্যাবের নেতৃবৃন্দের পাশাপাশি ঝিনাইদহ সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত মর্যাদা রক্ষার ওপর জোর দেন।

সমাবেশে বক্তব্য দেন ডা. আব্দুল খালেক, ডা. আনোয়ারুল ইসলাম, ডা. জাকির হোসেন, ডা. শাহিন ঢালী, ডা. আরাফাত রহমান, ডা. হামিদুর রহমান বেলাল, ডা. তন্দ্রা ও ডা. তারিন শুভসহ অন্যান্যরা। তারা বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের হয়রানি শুধু ব্যক্তি নয়, পুরো স্বাস্থ্যখাতের জন্যই হুমকিস্বরূপ। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা অভিযোগ করেন, গত ১৩ এপ্রিল খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবীর উপস্থিতিতে স্থানীয় কিছু ব্যক্তি চিকিৎসক রফিকুল ইসলাম বাবলুকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে তাকে হাসপাতালের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চিকিৎসক সমাজের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। সমাবেশ থেকে বক্তারা বলেন, যদি দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

চিকিৎসকদের দাবি, স্বাস্থ্যখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। অন্যথায় চিকিৎসা সেবার মান ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষও এর নেতিবাচক প্রভাবের শিকার হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট