1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সাতক্ষীরায় স্বর্ণ পাচারকালে নারী আটক, ৬২ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার ও নারী আটক
সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার ও নারী আটক। ছবিঃ মনিরুল সর্দার

সাতক্ষীরার সীমান্ত এলাকায় আবারও স্বর্ণ পাচার রোধে বড় সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভারতে পাচারের সময় দুই পিস স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সড়কের বাঁকাল চেকপোস্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় মোছা. শিউলী আক্তার (২৩) নামের এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা তালতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ জুবায়েরের স্ত্রী।

আটকের সময় তার কাছ থেকে দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ২৯৬ দশমিক ৪০ গ্রাম। জব্দকৃত এই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, স্বর্ণের চালানটি সাতক্ষীরা শহরের খুলনা মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে পাচারচক্রের এই সদস্যকে আটক করা সম্ভব হয়।

বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আটককৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার রোধে বিজিবির এই সফল অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এমন অভিযান অব্যাহত থাকলে সীমান্ত দিয়ে অবৈধ পাচার কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট