
দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান খুলনা প্রেসক্লাব-এ সাংবাদিক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে দিঘলিয়া প্রেসক্লাব এক প্রতিবাদ ও নিন্দা বিবৃতি দিয়েছে।
প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে রোববার (২৬ এপ্রিল) বহিরাগত সন্ত্রাসীরা প্রেসক্লাবে ঢুকে সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারকে হুমকি এবং সাধারণ সম্পাদক প্রার্থী ও ‘সময়ের খবর’ পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলামকে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সাংবাদিক সমাজসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার প্রতিবাদে সোমবার (২৭ এপ্রিল) খুলনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকরা নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। দিঘলিয়া প্রেসক্লাব এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানায়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাবের মতো জায়গায় হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ। খুলনায় গত দুই দশকে চারজন সাংবাদিক দুর্বৃত্তের হাতে নিহত হওয়ার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চায় না বর্তমান প্রজন্ম।
তারা আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে।
দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এই হামলাকে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।