
খুলনার দিঘলিয়া উপজেলায় সড়ক নিরাপত্তা জোরদারে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং সড়ক দুর্ঘটনা কমাতে আগামী ১ মে থেকে পুরো মাসজুড়ে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা সভার সভাপতি সুজন দাশ গুপ্ত বলেন, “অভিযান চলাকালে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সবার জন্য একই নিয়ম প্রযোজ্য।”
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষই এই আইনের আওতাভুক্ত। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনসচেতনতা বাড়াতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে মোটরসাইকেল চালকদের জন্য কিছু বাধ্যতামূলক নির্দেশনাও দেওয়া হয়েছে। চালকদের অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে এবং সঙ্গে রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস সংক্রান্ত কাগজপত্র। এসব নিয়ম অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রশাসন।
সংশ্লিষ্টরা বলছেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো অসচেতনতা ও নিরাপত্তা বিধি না মানা। তাই “আইন মেনে চলুন, হেলমেট ব্যবহার করুন, নিরাপদে চলাচল করুন”—এই বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।