1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

তেল নেওয়াকে কেন্দ্র করে কালীগঞ্জে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে তেল নেওয়া নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকি। ঘটনায় থানায় লিখিত অভিযোগ, তদন্তে নেমেছে পুলিশ।

ঝিনাইদহের কালীগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে এক সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি রবিবার (৫ এপ্রিল) সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের এস আর ফিলিং স্টেশনে ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়নের দুলাল মুন্দিয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক মেহেদী হাসান ফিরোজ (৪০) সকাল আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেলে তেল নিতে ওই ফিলিং স্টেশনে যান। এ সময় শিবনগর এলাকার সাবেক কমিশনার মার্জেদ হোসেনের ছেলে তারিকুল ইসলাম বিপ্লব (৩৮) একটি খালি ট্যাংকি হাতে নিয়ে লাইনের নিয়ম ভঙ্গ করে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় সাংবাদিক প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন। শুধু তাই নয়, ভবিষ্যতে খুন-জখমসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকিও দেন। ভুক্তভোগী সাংবাদিক জানান, পুরো ঘটনাটি তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছেন, যা প্রমাণ হিসেবে সংরক্ষিত রয়েছে।

ঘটনার পর একই দিন রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে অভিযুক্ত ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে পুনরায় অশালীন ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে করে ভুক্তভোগী ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় অবশেষে ভুক্তভোগী সাংবাদিক কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, অভিযুক্ত তারিকুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে পূর্বেও গুরুতর অভিযোগ রয়েছে। ২০২১ সালে তিনি এক জনপ্রতিনিধিকে হত্যাচেষ্টার পাশাপাশি আব্দুর রহমান নামের এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট