
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা বেষ্টিত গুয়াগাছিয়া এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দেওয়াকে কেন্দ্র করে কাইয়ুম দেওয়ান নামে এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত আসামিদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ প্রেসক্লাব-এর সামনে। পরে শফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ছোট ভাই মাঈনদ্দীন দেওয়ান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘নয়ন-পিয়াস’ বাহিনী দীর্ঘ ২০ বছর ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ফসলি জমি দখল এবং অবৈধভাবে বালু উত্তোলনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বাহিনীর প্রধানসহ সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি করেন বক্তারা।
এলাকায় দস্যু ও সন্ত্রাস দমনের লক্ষ্যে কাইয়ুম দেওয়ান তার নিজ বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের অনুমতি দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ৬ ফেব্রুয়ারি কবর জিয়ারতের সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ—এ অভিযোগ তুলে ভুক্তভোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন। তারা প্রশ্ন তোলেন, একাধিক মামলার হুলিয়া থাকা সত্ত্বেও আসামিরা কীভাবে প্রকাশ্যে অবস্থান করছে।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে প্রায় আড়াইশ পরিবার গ্রামছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের একটাই দাবি—অবিলম্বে ‘নয়ন-পিয়াস’ বাহিনীর সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও নজরদারি কামনা করা হয়েছে।