“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ-ই আশিক। তিনি বলেন, গাড়ি চালানোর আগে প্রত্যেক চালককে নিজের পরিবারের কথা ভাবতে হবে। কারণ একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবনই নয়, একটি পরিবারের ভবিষ্যৎও ধ্বংস করে দিতে পারে।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে না পারলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা পেতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান। তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, যাত্রী ওঠানো-নামানোর সময় কোনো ধরনের টানাহেঁচড়া করা যাবে না এবং নারী যাত্রীদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে হবে। পাশাপাশি ওভারটেকিংয়ের সময় সতর্কতা, হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ করা, গাড়িতে অগ্নিনির্বাপক যন্ত্র ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেন তিনি।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা শাখার সহকারী পরিচালক প্রকৌশলী উসমান সরোয়ার আলম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জয়ন্ত সরকার, ট্রাফিক পরিদর্শক মশিউর রহমান, মোটরযান পরিদর্শক ওমর ফারুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মশালার শুরুতে সড়ক দুর্ঘটনা বিষয়ক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে বিকেলে সাতক্ষীরা সিটি কলেজ মাঠে নিবন্ধিত ৯৩ জন চালককে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সার্বিকভাবে, এই প্রশিক্ষণ কর্মশালা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।