1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধের জেরে যুবদল নেতা মো. মুরাদ খাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

খুলনার দিঘলিয়া উপজেলায় বাজার ইজারাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতা মো. মুরাদ খা (৪৭) প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থান সংলগ্ন সড়কে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো. মুরাদ খা দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের মুনসুর খার ছেলে এবং সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার সময় তিনি টিটিসি সংলগ্ন পাকা সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন (৩২) নেতৃত্বে ৪-৫ জন তার গতিরোধ করে। অভিযোগ রয়েছে, কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মুরাদ খাকে উদ্ধার করে ভর্তি করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে দিঘলিয়া উপজেলাজুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

স্থানীয় সূত্র জানায়, দিঘলিয়া উপজেলার পথের বাজারের ইজারা পাওয়া নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ওই সময় প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। একাধিক সূত্রের ধারণা, বাজার ইজারা বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট