
মুন্সীগঞ্জের আলীরটেক ইউনিয়ন-এর তৈলক্ষীরা-গঞ্জকুমারিয়া কবরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার বিকাল ৪টায় গঞ্জকুমারিয়া বাজার এলাকায় আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, কবরস্থানের উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কাছ থেকে সংগৃহীত অর্থের একটি বড় অংশ সঠিকভাবে ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাবেক সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী ওসমান গণিকে। ফলে কবরস্থানের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে অংশগ্রহণকারীরা বলেন, তারা নিয়মিত কবরস্থানের জন্য অনুদান দিয়ে এলেও বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে না। এতে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন উঠেছে—সংগৃহীত অর্থ কোথায় ব্যয় হয়েছে এবং এর সঠিক হিসাব কী।
বক্তারা আরও বলেন, কবরস্থান একটি পবিত্র স্থান, এখানে কোনো ধরনের অনিয়ম বা অর্থ আত্মসাৎ সামাজিকভাবে অত্যন্ত নিন্দনীয়। তাই তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন হাজী নুর হোসেন, আয়নাল হাজী, আলাল মাদবর, মোবারক, মোক্তার, সানাউল্লাহ চৌধুরী, গিয়াস উদ্দিন, লিটন, হাসান আলী, রফিক, মিলন, আনোয়ার হোসেন, মো. ইসলাম মিয়া, আলীরটেক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. সোহেল মিয়া এবং আব্দুল্লাহপুর মাদ্রাসার শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা কবরস্থানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান এবং দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।