
স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকাস্থ চীন দূতাবাস। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে চীনে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই নোটিশ জারির দিন থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চীনে ১৮০ দিনের বেশি নয়—এমন সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের বাধ্যবাধকতা থাকবে না।
তবে দূতাবাস জানায়, প্রাসঙ্গিক প্রবিধান অনুযায়ী কিছু নির্দিষ্ট ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। ডি, জে–১, কিউ–১, এস–১, এক্স–১ এবং জেড ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। এসব ভিসাধারীদের চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করা বাধ্যতামূলক।
দূতাবাস আরও জানায়, ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে ঢাকার চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিজিট ও স্বল্পমেয়াদি শিক্ষা কার্যক্রমে চীনগামী যাত্রীদের সংখ্যা বাড়তে পারে।