
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–এর চলতি আসরে রংপুর রাইডার্সের জার্সিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও তার পেশাদার আচরণ এবং নেতৃত্বগুণে মুগ্ধ রংপুরের কোচিং স্টাফ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার মাহমুদউল্লাহর ভূয়সী প্রশংসা করেন। অভিজ্ঞ এই কোচ বলেন, এতদিন প্রতিপক্ষ হিসেবে দেখলেও এবার কাছ থেকে মাহমুদউল্লাহকে চেনার সুযোগ পেয়ে তিনি সত্যিই আনন্দিত।
মাহমুদউল্লাহর পেশাদার মানসিকতার কথা তুলে ধরে মিকি আর্থার বলেন,
“মাহমুদউল্লাহ অত্যন্ত পেশাদার একজন ক্রিকেটার। আগে সবসময়ই তাকে প্রতিপক্ষ দলে দেখেছি। কিন্তু এখন তার সঙ্গে একই দলে কাজ করা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা।”
রিয়াদের ক্রিকেটীয় মেধা ও ম্যাচ প্রস্তুতির প্রশংসা করে আর্থার আরও বলেন,
“তার প্রস্তুতি অসাধারণ। সে জানে কখন কী করতে হবে। এ কারণেই সে নিয়মিত ফল পাচ্ছে। যে ম্যাচে সে ভালো করতে পারেনি, ওই দিন তাকে খুব হতাশ দেখেছি। কিন্তু পরের ম্যাচেই যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয়।”
তবে পারফরম্যান্সের বাইরেও মানুষ মাহমুদউল্লাহ কোচ মিকি আর্থারের কাছে সবচেয়ে বেশি মুগ্ধতার জায়গা। এ বিষয়ে তিনি বলেন,
“তার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। তবে এর চেয়েও বেশি ভালো লেগেছে মানুষ হিসেবে রিয়াদকে জানতে পেরে।”
অভিজ্ঞতা, পরিশ্রম ও পেশাদারিত্বের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএলের মতো প্রতিযোগিতামূলক আসরে তার উপস্থিতি শুধু রংপুর রাইডার্সের জন্য নয়, বরং তরুণ ক্রিকেটারদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে।