আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ডাবোর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এই জনসভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। জনসভায় হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল আটটার মধ্যেই সবাই ভোটকেন্দ্রে গিয়ে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করবেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনে বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনগণের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের ভোটে বিজয়ী হয়ে কাহারোল ও বীরগঞ্জবাসীর উন্নয়নে কাজ করতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কাজ করছে এবং আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলীসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং হাজার হাজার ভোটার ও সমর্থক জনসভায় অংশগ্রহণ করেন।
জনসভা ঘিরে পুরো এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। নেতাকর্মীদের মতে, এই বিশাল জনসভা দিনাজপুর-১ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থনের শক্ত অবস্থান তুলে ধরেছে।