
জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে শহরের এইচএসএস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
পরে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুর এবং কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং দলীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি বিষয় বিএনপি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে।
তারা আরও বলেন, সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতেই এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। লিফলেটে বিএনপি ইতোমধ্যে যেসব বিষয় বাস্তবায়ন করেছে, সেগুলো তুলে ধরা হয়েছে।
এছাড়া গণভোটের নামে জনগণের সঙ্গে কোন কোন বিষয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে, তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে জানান বিএনপি নেতারা।