মেয়েদের পড়াশোনা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
প্রকাশিত:
শনিবার, ১৬ মে, ২০২৬
মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করবে, তাদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষার উন্নয়নে কাজ করেছিলেন। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। আমরা এটাকে ডিগ্রি বা স্নাতক পর্যন্ত ফ্রি করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “যেসব মেয়েরা ভালো ফলাফল করবে, তাদের সরকারিভাবে উপবৃত্তি দেওয়া হবে। এর মাধ্যমে নারীদের আরও শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব হবে।”
সমাবেশে প্রধানমন্ত্রী জানান, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা হবে।
তিনি বলেন, “খাল খননের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন। কৃষকদের উন্নতি হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।”
ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে একজন মা প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবেন, যা সন্তানদের স্বাস্থ্যসেবা ও পারিবারিক প্রয়োজন মেটাতে কাজে লাগবে।
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এই সহায়তা দেওয়া হচ্ছে। আগামী বাজেটে এই সুবিধা আরও বাড়ানো হবে।”
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে আমরা দেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।