ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, আহত অন্তত ৮
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত:
শুক্রবার, ২২ মে, ২০২৬
ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন শেষে জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারী ও তার অনুসারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই একদল হামলাকারী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে হকিস্টিক দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, হামলায় অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। এছাড়া হামলার সময় নাসিরউদ্দিন পাটোয়ারীকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় হামলাকারীরা কয়েকজনের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের সাধারণ মানুষ।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ভুক্তভোগীরা থানায় অবস্থান করছেন এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।