
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, সেই আপোষহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের রাজনীতির অনুপ্রেরণা। তাঁর স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
রোববার বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তিনি নির্বাচিত হলে কালীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শুরুতেই তিনি এই জেলা থেকে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন। তারেক রহমানের নেতৃত্বে শুরু হওয়া সেই গণআন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদের বিদায় হয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, “আপনারা ব্যক্তি নয়, দলকে ভালোবাসেন। আমরা সবাই মিলে এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই।”
রাশেদ খাঁন বলেন, তারেক রহমান দেশের উন্নয়নে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। তারেক রহমানের নির্দেশনা মেনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই প্রার্থী।
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি রওনকুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন।