
দিনাজপুরের কাহারোল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। “নববর্ষে ঐকতান, গণতন্ত্রের পুনর্গঠন” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই কাহারোল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। সেখান থেকে শুরু হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা রঙিন পোশাক, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এতে অংশগ্রহণ করেন। এতে ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙিন বহিঃপ্রকাশ।
শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। তিনি বলেন, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই উৎসব মানুষকে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে।
তিনি আরও বলেন, নতুন বছর আমাদের জন্য নতুন সম্ভাবনা ও প্রত্যয়ের বার্তা নিয়ে আসে। একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সব মিলিয়ে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক অংশগ্রহণে কাহারোলে বাংলা নববর্ষ উদযাপন হয়ে উঠেছে এক আনন্দঘন ও স্মরণীয় উৎসবে।